ঘনিয়ে আসছে আরও একটি জাঁকজমকপূর্ণ ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ১৪তম আসর, যার আয়োজক তিন আফ্রিকান দেশ—দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
মোট ৫৪ ম্যাচের মধ্যে সর্বাধিক ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বাকি ১০টি ম্যাচ আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। ভারত ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থল এই দেশটিতে হবে সবচেয়ে বড় আয়োজন।
আফ্রিকা মহাদেশ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ২০০৩ সালে। তখন আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে ২০০৫ সালে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে ২০২৩ সালে। ২৪ বছর পর আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে পেরে রোমাঞ্চিত দেশটির ক্রিকেট কর্তারা।
এরই মধ্যে জমজমাট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। বৃহস্পতিবার দেশটিতে স্থানীয় আয়োজক কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিএসএ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গবেরহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্ল—এই আট ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
বোর্ড চেয়ারম্যান পার্ল মাফোশে বলেন, “আমাদের লক্ষ্য একটি বৈশ্বিক ও অনুপ্রেরণাদায়ী টুর্নামেন্ট আয়োজন করা, যা দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও ঐক্যকে প্রতিফলিত করবে।”
বিটি/ আরকে
Tags: আফ্রিকা, ওয়ানডে বিশ্বকাপ