ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। আগস্ট মাসের জন্য ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা।
আজ রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এদিন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে জানান, এর আগে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা, যা এবার ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২ জুলাই সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল, তখন ৩৯ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৬৪ টাকা।
একইদিন বিইআরসি অটোগ্যাসের দামও কমিয়েছে। আগস্ট মাসের জন্য অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা, যা আগের চেয়ে ৪ টাকা ১৮ পয়সা কম।
এর আগে ২ জুলাই অটোগ্যাসের মূল্য ছিল ৬২ টাকা ৪৬ পয়সা, যা ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়।
বিটি/ আরকে