যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়ার তেল কেনার বিষয়ে ভারতের কড়া অবস্থানের পরও কয়েক মাসের মধ্যে নয়াদিল্লি আলোচনার টেবিলে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি মন্তব্য করেন, ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে।
সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, “আমার ধারণা এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং তারা বলবে, আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।”
ভারতকে সতর্ক করে তিনি আরও বলেন, যদি নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে তাদের মার্কিন বাজারে রফতানির ওপর ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।
লুটনিকের মতে, ভারত যতই নিজের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।
এর আগে সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।” পোস্টে তিনি এসসিও সম্মেলনে একসঙ্গে থাকা জিনপিং, পুতিন ও মোদির একটি ছবি যুক্ত করেছেন।
রয়টার্স জানায়, ট্রাম্পের এ পোস্ট নিয়ে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তবে মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
এই মন্তব্যের পরই ভারতকে উদ্দেশ্য করে কঠোর সতর্কবার্তা দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “ভারত তাদের বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না এবং ব্রিকস থেকেও সরে আসবে না। যদি ভারত চীন ও রাশিয়ার সঙ্গে চলতে চায়, চলুক। কিন্তু যদি না পারে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়াক, তাদের সবচেয়ে বড় ক্রেতাকে সমর্থন করুক। নয়তো চড়া শুল্কের জন্য প্রস্তুত থাকুক।”
বিটি/ আরকে
Tags: ভারত, মার্কিন বাণিজ্যমন্ত্রী