রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে নাবিল মুস্তাফিজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব না নেওয়ায়, আবার এমডি নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য নতুন এমডি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছিল। তিনি যোগদান না করার কারণে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
অর্থ মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি বলছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, এবং সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে মেয়াদ নবায়নের সুযোগ থাকতে পারে।
এমডি পদে আবেদনকারীদের ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা অথবা সিইও’র ঠিক নিচের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া ইসলামী ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী হিসাবব্যবস্থা, মুনাফা বণ্টন পদ্ধতি এবং ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল ব্যাংকিং, সাংগঠনিক রূপান্তর বা ব্যাংক একীভূতকরণ (মার্জার)–সংক্রান্ত অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীদের বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। কোনভাবেই তিনি খেলাপি হতে পারবেন না।
নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের করপোরেট, এসএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মার্জার-পরবর্তী সাংগঠনিক সমন্বয় কার্যক্রমও পরিচালনা করবেন।
যোগ্যতার ভিত্তিতে আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই করা হবে। পরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের বিষয়ে পটভূমি যাচাই এবং বাংলাদেশ ব্যাংকের ‘ফিট অ্যান্ড প্রপার’ অনুমোদন নিতে হবে।
আগ্রহী প্রার্থীদের সিভি, কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র সিল করা খামে পাঠাতে হবে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর। পাশাপাশি আবেদনপত্রের একটি পিডিএফ কপি ইমেইলেও পাঠাতে হবে।
এমডি পদে আবেদনের শেষ সময় ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।
উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত নতুন ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
বিটি/ আরকে
Tags: এমডি, সম্মিলিত ইসলামী ব্যাংক