গাজাগামী মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সব অধিকারকর্মী ও ক্রু সদস্যকে ইসরায়েল কারারুদ্ধ করেছে।
তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শহিদুল আলমের প্রতিষ্ঠিত গণমাধ্যম সংস্থা দৃক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল–এর উদ্ধৃতি দিয়ে দৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফ্লোটিলার সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের প্রথমে আশদদ বন্দরে নেওয়া হয়। সেখানকার আইনি প্রক্রিয়া শেষে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।
আদালাহর আইনজীবীদের বরাত দিয়ে ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, জাহাজ দখলের পর থেকে তারা ইসরায়েলি বাহিনীর সহিংস আচরণের শিকার হচ্ছেন। তারা বলেন, ফিলিস্তিনিরা প্রতিদিন আরও ভয়াবহ সহিংসতার সম্মুখীন হচ্ছেন।
দৃক জানায়, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি আছেন। সংস্থাটি সব ফিলিস্তিনি বন্দি ও ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
বিটি/ আরকে
Tags: ইসরায়েল: দৃক, কারাগার, শহিদুল আলম