যুক্তরাষ্ট্রের উদ্যোগে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ সময়ের পর আয়োজিত এই ত্রিপক্ষীয় বৈঠকটি মঙ্গলবার ১০ নভেম্বর থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুই দিনের এ আলোচনা শুরু হয়েছে।
রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ভ্লাদিমির মেদিনস্কি, যিনি ২০২২ সালের মার্চে ইস্তাম্বুলে প্রথম সরাসরি আলোচনার সময় থেকেই এই দায়িত্বে রয়েছেন। প্রতিনিধিদলে আরও আছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের প্রতিনিধি ইউরি ঝিগারলভস্কি।
ইউক্রেনীয় দলের নেতৃত্বে রয়েছেন ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ। তাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দলের নেতা দাভিদ আরাখামিয়া।
বৈঠকস্থলে বিভিন্ন ইউরোপীয় দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, মূল ত্রিপক্ষীয় আলোচনায় তাদের অংশগ্রহণের ব্যাপারে মস্কো তীব্র আপত্তি জানিয়েছে। রয়টার্সের ভাষ্যমতে, আনুষ্ঠানিক আলোচনার আগে ইউক্রেনের প্রতিনিধিরা ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন দূতদের সঙ্গে আলাদাভাবে বৈঠক সেরে নিয়েছেন। ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় নিরাপত্তা নিশ্চিত না করে স্থায়ী শান্তি সম্ভব নয়।
মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভূখণ্ড হস্তান্তরের বিষয়ে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের মধ্যেই ব্যক্তিগত পর্যায়ে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। আর শেষ পর্যন্ত ইউক্রেনকে কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে।
সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর আদলে একটি সুরক্ষা ব্যবস্থা ও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ তৈরি করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ইউক্রেনের নিরাপত্তার জন্য ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে কোনো নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হবে।
রাশিয়ার সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো নির্ধারণ এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়।
সম্ভাব্য চুক্তির ফলে ইউক্রেনের সীমানায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উভয় পক্ষ চুক্তির বেশ কাছাকাছি রয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিন ও জেলেনস্কির মধ্যকার ব্যক্তিগত বিদ্বেষই বড় বাধা। যদিও কোন কোন অঞ্চলের সীমান্ত পরিবর্তিত হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি রয়েছে। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি সম্পন্ন করতে পারব।
শান্তি আলোচনার প্রেক্ষাপটে ভ্লাদিমির পুতিন ২০২২ সালে দখল করা দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি তুলেছেন। তবে ভলোদিমির জেলেনস্কি বারবার পুতিনের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আসছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো আত্মসমর্পণ বা শান্তি চুক্তি মেনে না নেওয়ার অবস্থানে অটল রয়েছে কিয়েভ। ফ্রান্স বলেছে, ইউরোপীয় নিরাপত্তার সমাধান না করে ইউক্রেনে কোনো স্থায়ী শান্তি আসতে পারে না এবং এর জন্য ইউরোপীয়দের সম্পৃক্ততা প্রয়োজন। তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ইউক্রেনীয় ও মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইউরোপীয়দের কোনো স্থান তারা দেখছে না।
Tags: আবুধাবি, ডোনাল্ড ট্রাম্প, ভলোদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শান্তি আলোচনা