তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে ১০০টিরও বেশি দেশের নেতারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন অঙ্গীকার করেছেন। এই দেশগুলো নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং এই খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে শহরগুলোকে সুরক্ষিত রাখা।
সম্মেলনে দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর প্রতি সমর্থন জানিয়েছে। এই চুক্তির আওতায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ভবন খাতে জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভবনে দক্ষ বিদ্যুতায়ন ব্যবস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম এই বিষয়ে বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল সাধারণ মানুষের বসবাসের এলাকায় পৌঁছাতে হবে; তাই নিরাপদ ও জ্বালানিসাশ্রয়ী জনপদ গড়ে তোলা এখন সময়ের দাবি। পাশাপাশি বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
নগর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন উদ্যোগ হিসেবে ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। বর্তমানে ২০টি জেলায় বর্জ্য কমানো ও রিসাইক্লিং কার্যক্রম শুরু হয়েছে, যা পরবর্তীতে ১০০টি জেলায় সম্প্রসারিত হবে। এছাড়া সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এরই অংশ হিসেবে তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের একটি বিশাল বিনিয়োগ চুক্তি হয়েছে, যার মাধ্যমে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন প্রযুক্তি সহযোগিতা প্রদান করা হবে। পর্যায়ক্রমে তা ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পের জন্য ২৫০ মিলিয়ন ডলার এবং অন্যান্য দেশ ও অঞ্চলের অভিযোজন প্রকল্পের জন্য ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটির আওতায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সুরক্ষায় ২০০ মিলিয়ন ডলারের বেশি অনুদানের প্রতিশ্রুতি এসেছে, যেখানে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে।
কপ-৩১ আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তনকে একটি অস্তিত্বের সংকট হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বাস্তব পদক্ষেপ এবং সহজলভ্য অর্থায়নের ওপর জোর দিয়েছেন। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী আবাসন ও নগর সহনশীলতা বাড়াতে দেশগুলোকে তাদের অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
Tags: কপ-৩১, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ, তুরস্ক, পরিবেশ