দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল ফের বড় ধরনের নাশকতার ছক কষছে। দলটির পলাতক নেতারা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। গত সপ্তাহেও দলটি একই ধরনের কর্মসূচি দিয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এসব কর্মসূচির আড়ালে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। কখনো ভাড়াটে লোক, আবার কখনো দলীয় কর্মীদের ব্যবহার করে বাস ও সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। থানা, পুলিশ বক্স, সিআইডি ও এসবি কার্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক স্থাপনা লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা ছোঁড়া হচ্ছে। থানায় থানায় দেয়া হয়েছে সতর্কমূলক বার্তা। আটক এসব নেতাকর্মীদের ফোনের বিভিন্ন গ্রুপ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাদ দিয়ে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা যতটুক জানতে পেরেছি- নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর জুড়ে দেশে বড় ধরনের নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের। তিনি বলেন, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শুধু রাজধানীতে কোনো রাজনৈতিক জমায়েত বা যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। রাজধানীর ভেতরেও একাধিক জায়গায় একযোগে ঝটিকা মিছিল বা জমায়েত করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যই যাচাই বাছাই করছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ২০শে নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শতাধিক স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণ। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু রাজধানী নয়, সারা দেশের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, নভেম্বর মাসের শেষ দিক থেকে ডিসেম্বর পর্যন্ত রাজধানী অচল করার পরিকল্পনা রয়েছে ওই চক্রটির। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোক জড়ো করে বিভিন্ন প্রবেশপথে অবরোধ তৈরি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সরকারি অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনাও তাদের তালিকায় রয়েছে। বৃহস্পতিবার রাতে ডিএমপি রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংসদ সদস্য ও চিত্রতারকাসহ অন্তত ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১২৪ জনই নিষিদ্ধ ঘোষিত দলটির সদস্য। সব মিলিয়ে সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। তন্মধ্যে ১২৪ জনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। লালবাগ থেকেও যুবলীগ ও আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা নজরদারির মাধ্যমে নাশকতাকারীদের অর্থ জোগানদাতা ও মূল পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বেশ কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে, যাদের কেউ বিদেশে অবস্থান করছেন, আবার কেউ দেশে আত্মগোপনে থেকে সমন্বয় করছেন। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও ব্যাংকিং লেনদেন বিশ্লেষণ করে বিদেশে বসে নির্দেশনা ও অর্থ পাঠানোর প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সম্প্রতি মিরপুর-১০ এলাকা থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ মামুন অর রশীদ নামে একজনকে গ্রেপ্তারের ঘটনা তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক নেতা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, মেহেরপুরের এক নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে সংগৃহীত এই বিস্ফোরক ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করেছে। তাদের ফোন থেকে পাওয়া ভিডিওতে বাথরুমের ভেতরে গান পাউডারের কার্যকারিতা পরীক্ষার প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় মামলাসহ গ্রেপ্তারের তালিকাও কম নয়। এ ছাড়াও শ্যামলী মোড়ের চেকপোস্টে ৪টি তাজা ককটেলসহ মো. রাসেল নামে একজনকে আটক করে আদাবর থানা পুলিশ। সে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। তাদের মোবাইল ফোন থেকে গান পাউডার আনা এবং কোথায় কোথায় বিতরণ করা হবে, সে বিষয়ে কথোপকথনের কিছু ভয়েস রেকর্ডও পাওয়া গেছে।
নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ব্লক রেইড, চেকপোস্ট এবং পাড়া-মহল্লায় নজরদারি অব্যাহত রেখেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সরকারি দপ্তর ও প্রশাসনিক স্থাপনায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে দেওয়া হবে না।
Tags: আইনশৃঙ্খলা, গোয়েন্দা তথ্য, নাশকতা, পুলিশ, বাংলাদেশ