ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে তিনটার দিকে একদল দুষ্কৃতকারী পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে বাড়িটিতে আগুন ধরানোর চেষ্টা চালায়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একে কাপুরুষোচিত আচরণ বলে অভিহিত করেছেন।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীরা ধারাবাহিক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে এসব হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে এর বড় ধরনের খেসারত দিতে হবে বলে তিনি সতর্ক করেন। রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
ঘটনার বিবরণ দিয়ে সাদিক কায়েম জানান, রোববার গভীর রাতে সন্ত্রাসীরা তার বাড়ির চারপাশে পেট্রোল বোমা ছুড়ে মারে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। হামলার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়ানোর আগেই নেভানো সম্ভব হয়। ফলে তার বাবা-মা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি জানান। পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
জামায়াত আমির তার ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন যে, ফ্যাসিস্টদের এই ধরনের কর্মকাণ্ডে নীরব থাকার কোনো অবকাশ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এভাবে বারবার হামলার ঘটনা রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। সরকার সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
Tags: খাগড়াছড়ি, জামায়াতে ইসলামী, ডা. শফিকুর রহমান, ডাকসু, সাদিক কায়েম