সাহিত্যচর্চা, স্থানীয় ইতিহাস সংরক্ষণ এবং আগামী প্রজন্মের মাঝে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পল্লী সাহিত্য সাময়িকীর প্রকাশনা বিষয়ক আলোচনা সভা। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের হলরুমে পল্লী সাহিত্য সংসদ হবিগঞ্জের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সাহিত্য সংসদ হবিগঞ্জের সভাপতি ও বহুগ্রন্থ লেখক দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল) মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছরীন হক এবং শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, লেখক ও সাংবাদিক মঈনুল হাসান রতন।
বক্তারা জোর দিয়ে বলেন, একটি জাতির শেকড় ও ঐতিহ্য সম্পর্কে জানতে বই পড়ার কোনো বিকল্প নেই। নিয়মিত বই পাঠের অভ্যাস মানুষের মননশীলতা ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধকে শাণিত করে। তাই নতুন প্রজন্মকে বইমুখী করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পল্লী সাহিত্য সংসদ হবিগঞ্জ সাহিত্য, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে যে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে, তার অংশ হিসেবে এই সাময়িকী প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকাশনা স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্যের তথ্য ভাণ্ডার হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মূল্যবান দলিল হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা মুন্সী আব্দুর রউফ, মুসলিম উদ্দিন রাজু, নাট্য ব্যক্তিত্ব রাজু বিশ্বাস, হারুনুর রশিদ হারুন সাঁই, মোহাম্মদ কামরুল হাসান, আবু সালেহ আহমদ, কবি আছাদ চৌধুরী, কবি আশরাফুল ইসলাম, সৈয়দ মুশিরুল হোসাইন, আলহাজ্ব মাওলানা নূরুল আমীন, কাজী সাহেদ খান জাফর, কবি মিজানুর রহমান ঠাকুর, শেখ ছাদেক ইমতিয়াজ, কবি তারেক আহমদ নীরব, কবি নওরীন নূর এবং বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মো. মামুন চৌধুরী। আয়োজকদের মতে, এটি কেবল একটি সাময়িকী প্রকাশ নয়, বরং স্থানীয় সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও ইতিহাস সংরক্ষণের একটি ইতিবাচক প্রয়াস। অনুষ্ঠানের শেষভাগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
Tags: পল্লী সাহিত্য সংসদ, বইমেলা, বাংলাদেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, হবিগঞ্জ