শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটায় আগামী তিন দিনের ‘নন-শিডিউলড’ ফ্লাইটগুলোর সব খরচ মওকুফ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের তিনি জানান, যাত্রীদের ভোগান্তি লাঘবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আগুনের কারণে প্রায় ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র পাঠাতে হয়েছে। যাত্রীদের কষ্ট বিবেচনায় আগামী তিন দিনের সব নন-শিডিউলড ফ্লাইটের চার্জ মওকুফ করা হবে। সেই সঙ্গে যাত্রীদের খাবারসহ অন্যান্য সেবার দায়িত্বও আমরা নিচ্ছি।”
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজের আমদানি কুরিয়ার গুদামে আগুন লাগার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। বিদেশি ও অভ্যন্তরীণ কিছু ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে সরিয়ে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
শেখ বশিরউদ্দীন আরও জানান, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের ওজন নিরূপণের কাজ চলছে। খাতভিত্তিক তথ্য সংগ্রহ করে চূড়ান্ত হিসাব করা হবে।
পরবর্তী করণীয় নির্ধারণে রোববার বিকেল সাড়ে ৩টায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে যাত্রীদের যে দুর্ভোগ হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
বিটি/ আরকে
Tags: ‘নন-শিডিউলড’ ফ্লাইট, দুঃখ প্রকাশ, যাত্রী ভোগান্তি