জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর সরেজমিনে পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। আগামী শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পরিদর্শন শেষে দলটির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এই প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হামলার সময় বাড়িতে আটজন অবস্থান করছিলেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এছাড়া বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়াসহ দুটি ছাগলের মৃত্যু হয়েছে। নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সুরক্ষার বিষয়ে প্রতিনিধি দল বিস্তারিত খোঁজখবর নেবেন বলে জানা গেছে।
Tags: কুষ্টিয়া, জাতীয় নাগরিক পার্টি, নুসরাত তাবাসসুম, পেট্রোল বোমা হামলা