সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, শহিদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন হচ্ছে না। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এই বিষয়ে সংস্কৃতি উপদেষ্টাকে নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেছেন ফারুকী।
ফেসবুকে সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন,‘গত কয়দিন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাজউদ্দিন আহমদ কলেজের নাম পরিবর্তন বিষয়ে আমাকে ট্যাগ করে পোস্ট দিয়েছেন, যদিও এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না।
মন্ত্রণালয়ের কাজে ট্যুরে থাকায় এই বিষয়ে মনোযোগ দিতে পারি নাই। আজ শিক্ষা উপদেষ্টা আবরার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ হয়। তিনি স্পষ্ট বলেছেন, তাজউদ্দিন আহমদ ডিগ্রী কলেজের নাম পরিবর্তন না করার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। এটা প্রক্রিয়াধীন।
গত বুধবার দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহিদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নামও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয় ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’। সামাজিক যোগাযোগমাধ্যমে নাম বদলের প্রতিবাদ করেছেন তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজসহ অনেকে।
Tags: কলেজের নাম পরিবর্তন, তাজউদ্দীন আহমদ