যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন একটি আলোচনার প্রস্তাব পাঠিয়েছে ইরান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান তাদের সর্বশেষ প্রস্তাবনার খসড়াটি পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। তবে এই নতুন প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের ৪০ দিন পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্র একবার আলোচনায় বসেছিল।
কিন্তু এরপর থেকে আলোচনা আর এগোয়নি। বর্তমানে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে, অন্যদিকে ইরানও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ করে দিয়েছে। যুদ্ধের শুরু থেকেই এই পথে হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে তেহরান।
এদিকে যুদ্ধ বন্ধে ইরানের সাম্প্রতিক এই উদ্যোগ নিয়ে শুক্রবার আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাগচি সৌদি আরব, কাতার, তুরস্ক, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং যুদ্ধের ইতি টানতে ইরানের নতুন এই পদক্ষেপের বিষয়ে তাদের অবহিত করেছেন।
বিটি/ আরকে
Tags: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, ইরানে হামলা