নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ। নিবন্ধিতদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে ফেরত আনা হবে দেশে।”
তিনি জানান, অ্যাপটির উদ্বোধনের অপেক্ষা চলছে। কবে থেকে নিবন্ধন শুরু হবে তা পরে জানানো হবে। তফসিল ঘোষণার পরই নির্ধারিত সময়ে ব্যালট পাঠানো হবে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে তা ফেরত আনা হবে।
সচিব আরও বলেন, “ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু সিম্বল থাকবে। এবং এর পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন।”
প্রবাসীদের কাছে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে একটি বড় খামে তিনটি খামসহ ব্যালট পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী ভোট দিয়ে নির্দিষ্ট খামে তা ফেরত পাঠাতে হবে।
পোস্টাল ভোট সংক্রান্ত কার্যক্রম কবে থেকে শুরু হবে তা নির্বাচন তফসিলের সঙ্গে মিলিয়ে পরে জানানো হবে বলেও জানান ইসি সচিব।
বিটি/আরকে
Tags: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপস, প্রবাসী, ভোট