বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরতা এখনও চলছে, তাই এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। শহিদুল আলম বলেন, “যতক্ষণ পর্যন্ত তাদের ওপর অত্যাচার বন্ধ না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে।”
তিনি আরও বলেন, “গাজা মুক্ত হয়নি। গাজার মানুষ এখনো ইসরায়েলিদের আক্রমণের শিকার। তাদের ওপর এখনো নির্যাতন চলছে। এই নির্যাতন যতক্ষণ বন্ধ না হবে, ততক্ষণ আমাদের কাজ শেষ হবে না।”
ফিলিস্তিনে গমনকালে বাধা প্রসঙ্গে তিনি জানান, “আমরা যেই ফ্লোটিলায় ছিলাম, সেটি ছিল সবচেয়ে বড় ফ্লোটিলা। আমাদের এই ফ্লোটিলাটি সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ ছিল। যেহেতু ইসরায়েলিদের সবচেয়ে বড় আক্রোশের কেন্দ্রবিন্দুতে ছিল সংবাদকর্মী ও স্বাস্থ্যকর্মীরা, তাই আমাদের ওপর আক্রমণ এড়াতে বড় ফ্লোটিলাটি রাখা হয়েছিল।”
ইসরায়েলে আটক অবস্থায় অপমানের প্রসঙ্গে শহিদুল আলম বলেন, “আমাকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে, তার চেয়েও বেশি খারাপ লেগেছে তখন, যখন আমাদের দেশের পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই অপমানের বিচার আমাদের নিশ্চিত করতে হবে।”
শহিদুল আলম জানান, “আজ আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারেনি… আগামীতে আমরা হাজারো ফ্লোটিলা নিয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে।”
ইসরায়েলে আটক হওয়ার পর বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতায় তিনি মুক্তি পান। তুরস্কের সহায়তায় তিনি দেশে ফেরেন।
বিটি/ আরকে
Tags: ফিলিস্তিন, শহিদুল আলম, সংগ্রাম