ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আর্থিক সহায়তা বন্ধের উদ্দেশ্যে আসন্ন সরকারি তহবিল সংক্রান্ত বাজেট আলোচনাকে হাতিয়ার করতে চাইছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আগামী ১১ ডিসেম্বর সরকারি ব্যয়ের তহবিলের মেয়াদ শেষ হচ্ছে এবং সরকারের কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন করে অর্থায়নের প্রয়োজন হবে। ডেমোক্র্যাটরা এই সুযোগ কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধের দাবিটিকে জোরালোভাবে সামনে আনতে চান।
অ্যাডাম শিফ বলেন, ভোটাররা যেভাবে চেয়েছেন, এটি ঠিক সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার একটি সুযোগ। তার ভাষ্যমতে, বাজেট প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধের জন্য বরাদ্দ ঠেকানো সম্ভব এবং এর মাধ্যমে প্রশাসনের ওপর যুদ্ধের অবসানের জন্য চাপ সৃষ্টি করা যাবে। তিনি অভিযোগ করেন যে, এই যুদ্ধ শুরু করার আগে কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি এবং মার্কিন জনগণের কোনো ম্যান্ডেটও ছিল না। এছাড়া যুদ্ধ শুরুর পক্ষে প্রশাসনিক যুক্তিগুলোও বারবার পরিবর্তিত হয়েছে বলে তিনি দাবি করেন।
শিফ আরও দাবি করেন, বর্তমান যুদ্ধের ফলে ইরান উল্টো বেশি সাহসী ও শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
Tags: অ্যাডাম শিফ, ইরান, ডেমোক্র্যাট, বাজেট, মার্কিন রাজনীতি