আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের অব্যাহত সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-৩১ শুরুর প্রাক্কালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকটের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্ল্যাটফর্মে তুরস্কের সক্রিয় ও জোরালো অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই নেতার আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও কার্যকর আলোচনার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খনিজ সম্পদ খাতে সহযোগিতার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময়কার বৈঠকের আলোচনার সূত্র ধরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পেয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি কার্যকর অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। এই সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান তিনি।
সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজন করায় তুর্কি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
Tags: কপ-৩১, তারেক রহমান, তুরস্ক, বাংলাদেশ, রিসেপ তাইয়েপ এরদোগান, রোহিঙ্গা প্রত্যাবাসন