গোপালগঞ্জের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে শহরজুড়ে ঘুরে দেখা যায়, লঞ্চঘাট, পুলিশ লাইন ও এর আশেপাশের কিছু এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। যানবাহন ও লোকজনের চলাচলও আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে জনমনে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি, বরং রয়ে গেছে গভীর আতঙ্ক ও চাপা উদ্বেগ।
সরেজমিনে দেখা যায়, শহরের রাস্তাঘাটে স্বাভাবিক সময়ের তুলনায় লোকসমাগম অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না। পুরো শহরে একধরনের নীরবতা বিরাজ করছে। স্থানীয়দের মতে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও নিয়মিত টহল দিতে দেখা গেছে। দায়িত্ব পালনরত বাহিনীর সদস্যরা জানান, বর্তমানে গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক এবং তারা তাদের নিয়মিত ডিউটি পালন করে যাচ্ছেন। সব মিলিয়ে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে জেলা শহরটির জনজীবন।
Tags: আইনশৃঙ্খলা, গোপালগঞ্জ, জনজীবন, বাংলাদেশ