পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অভিযোগ করেছেন, ‘জয় বাংলা’ স্লোগানটি এখন আওয়ামী লীগের জন্য একটি পালানোর স্লোগানে পরিণত হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পেট্রোল বোমা হামলার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে সন্ত্রাসীরা এই স্লোগান দিয়েই পালিয়ে যাচ্ছে। দেশের জনগণ এই কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগ এখন কার্যত একটি নিষিদ্ধ দলের মতো আচরণ করছে। দলটির বর্তমান কার্যক্রম বিক্ষিপ্ত সন্ত্রাসী তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ। তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা নিজেদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে তিনি দাবি করেন।
সরকারের কূটনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে হুমায়ুন কবির জানান, গত আট মাসে বাংলাদেশ বেশ কিছু আন্তর্জাতিক মাইলফলক অর্জন করেছে। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব অর্জন, আন্তঃসংসদীয় ইউনিয়নের নির্বাচনে বিজয় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সমর্থন লাভ অন্যতম। পাশাপাশি রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় অনুযায়ী বাংলাদেশ কাজ করছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি একটি সহনশীল সরকার পরিচালনা করছে। কোথাও কোথাও একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ বা ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমান সরকারকে কোনোভাবেই স্বৈরাচারী বলা যাবে না, কারণ এখানে গণহারে দমন-পীড়ন চালানো হচ্ছে না। বরং সন্ত্রাসীরা এখন জনজীবন থেকে আতঙ্কিত হয়ে পালাচ্ছে। সরকারি দলের নেতাদের বাড়িঘরে হামলা ও কর্মী হত্যার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তারা বাংলাদেশের জনজীবনে আর কোনো অস্থিতিশীলতা ছড়াতে পারবে না। সরকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে এবং উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাচ্ছে।
Tags: আওয়ামী লীগ, জয় বাংলা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজনীতি, হুমায়ুন কবির