ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিরসনে মধ্যস্থতার কাজ চালিয়ে যাচ্ছে কাতার। তবে পরিস্থিতির আরও অবনতি ঘটলে তা কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে বলে সতর্কবার্তা দিয়েছে দোহা। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন ও তেহরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি। তিনি বলেন, কাতার এখনো আশাবাদী যে যুক্তরাষ্ট্র ও ইরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। বর্তমানে দুই দেশের মধ্যে বিরাজমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির কারণে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি চাপের মুখে পড়ছে, যা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়।
মধ্যস্থতার কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবারই ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে কাতারের। এই আলোচনার মাধ্যমে দুই পক্ষের অবস্থানের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আল আনসারি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি মধ্যস্থতার বর্তমান প্রচেষ্টার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সংলাপের পরিবেশ অক্ষুণ্ন রাখতে সব পক্ষকে উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি আরও জোর দিয়ে বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর আশা এখনো ফুরিয়ে যায়নি। আলোচনার পরিবেশ বজায় রাখা গেলে কূটনৈতিক পথেই সমস্যার সমাধান সম্ভব। আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মতপার্থক্য কমাতে কাতার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
Tags: ইরান, কাতার, ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি, পররাষ্ট্রনীতি, মধ্যস্থতা, যুক্তরাষ্ট্র