সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়ে যে চুক্তি হয়েছে, তাকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি। বুধবার আইএইএ বোর্ড অব গভর্নরসের বৈঠকের উদ্বোধনী দিনে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান। বুধবার (১৮ নভেম্বর) আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রোসি জানান, গত অক্টোবরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র তাদের চুক্তির আওতায় সুরক্ষা ও যাচাই কার্যক্রম শুরু করার জন্য আইএইএ-এর কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। এই স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি নিশ্চিত করেছেন যে, সৌদি আরবে যখনই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে, সেখানে আইএইএ-এর পূর্ণ পর্যবেক্ষণ ও উপস্থিতি নিশ্চিত করা হবে। গ্রোসি বলেন, এ বিষয়ে দুই দেশের সরকার সদস্যরাষ্ট্রগুলো ও আইএইএ সচিবালয়ের সঙ্গে যে উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করছে, তা তিনি স্বাগত জানান।
চুক্তি অনুযায়ী, সৌদি আরবের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শকদের প্রবেশের সুযোগ থাকবে। পাশাপাশি পারমাণবিক জ্বালানি রূপান্তর, সমৃদ্ধকরণ, নতুন জ্বালানি তৈরি এবং পুনঃপ্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত যেকোনো স্থাপনার তথ্য সংস্থাকে সরবরাহ করতে হবে। গ্রোসি আরও উল্লেখ করেন, সৌদি আরব স্বেচ্ছায় অতিরিক্ত যাচাই কার্যক্রমে সম্মত হয়েছে, যা পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত জুলাই মাসে এই চুক্তির ঘোষণা এসেছিল। তবে চুক্তির ফলে পারমাণবিক অস্ত্র বিস্তারের কোনো ঝুঁকি তৈরি হতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তবেই এই চুক্তির পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করা হবে।
Tags: আইএইএ, পরমাণু কর্মসূচি, পারমাণবিক চুক্তি, যুক্তরাষ্ট্র, রাফায়েল গ্রোসি, সৌদি আরব