কয়েকদিন ধরে চলা চলমান সহিংসতাকে কেন্দ্র করে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই জনশূন্য এবং ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
এর আগে বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিশেষ করে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার অভিযোগ পাওয়া গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে। বুধবারের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তবে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গোপালগঞ্জ সদরে বড় ধরনের কোনো মিছিল, মিটিং বা অবরোধের দৃশ্য চোখে পড়েনি। স্থানীয়দের দাবি, সকাল ১০টার পর থেকে তাদের কর্মসূচি বিস্তৃত হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা না এলে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
Tags: অবরোধ, গোপালগঞ্জ, বাংলাদেশ, বিজিবি, সহিংসতা