যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় রেকর্ড ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, এই উদ্যোগে সারাদেশে হাজার হাজার নতুন চাকরি সৃষ্টির প্রত্যাশা রয়েছে।
বিনিয়োগের বড় অংশ আসছে বিশ্বের অন্যতম বড় বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন থেকে। তারা আগামী এক দশকে যুক্তরাজ্যে ৯০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করতে পরিকল্পনা করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই বিনিয়োগ ঐক্য, উচ্চাকাঙ্ক্ষা ও নেতৃত্ব প্রদানের প্রস্তুতির প্রতিফলন। তিনি বলেন, “কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও সুযোগের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর এই রাষ্ট্রীয় সফর সেই প্রতিশ্রুতি পূরণ করছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় ৭,৬০০টি উচ্চমানের চাকরি তৈরি হবে। উদাহরণস্বরূপ, বেলফাস্টে হাজারটি, এবং বাকি হবে গ্লাসগো, মিডল্যান্ডস, উত্তর-পূর্ব ইংল্যান্ড ইত্যাদিতে।
টেকনোলজিসহ বিভিন্ন ক্ষেত্র, যেমন ফার্মাসিউটিক্যালস, ক্লিন এনার্জি, এআই, এবং উন্নত প্রযুক্তি খাতে এই বিনিয়োগ কাজ করবে বলে আশা।
Tags: বিনিয়োগ