নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ খ্রিষ্টাব্দের প্রস্তাবিত বার্ষিক ছুটির তালিকা চূড়ান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, তালিকায় মোট ৬৪ দিন ছুটি রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১২ দিন কম। গত বছর বিদ্যালয়গুলোতে মোট ছুটি ছিল ৭৬ দিন। তবে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার আগের মতোই বহাল রাখা হয়েছে।
প্রস্তাবিত ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, রমজান মাসকে কেন্দ্র করে সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে। ৮ মার্চ থেকে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির পর আগামী ২৬ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এবার টানা ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। গত বছর এই ছুটির মেয়াদ ছিল ১৫ দিন।
দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটি রাখা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ সংশ্লিষ্ট ধর্মীয় ও সামাজিক দিবস অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানের বিবেচনায় সংরক্ষিত দুই দিনের ছুটিও বহাল রাখা হয়েছে। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।
পরীক্ষা সূচি অনুযায়ী, অর্ধ-বার্ষিক বা প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এবং ফল প্রকাশ করা হবে ২৯ জুলাই। নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত, যার ফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর এবং চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এই পরীক্ষার ফল প্রকাশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটি কমিয়ে পাঠদান কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।
Tags: ছুটির তালিকা, শিক্ষা প্রতিষ্ঠান