দেশের বন্ড বাজারে বৃহত্তর গতিশীলতা আনার লক্ষ্যে গ্রাহকদের ট্রেজারি বন্ড জামানত হিসেবে রেখে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, এই সিদ্ধান্ত সরকারি সিকিউরিটিজে আরও বেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে সাহায্য করতে পারে, কারণ এর ফলে তারা ঝুঁকিমুক্ত সম্পদ ধরে রাখার পাশাপাশি নগদ অর্থের (তারল্য) সুবিধাও নিতে পারবেন।
বুধবার বাংলাদেশ ব্যাংকের (বিবি) জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, সব তফসিলি ব্যাংক এখন ট্রেজারি বন্ড জামানত হিসেবে রেখে গ্রাহকদের ওভারড্রাফট বা মেয়াদি ঋণ সুবিধা দিতে পারবে।
তবে, গ্রাহকদের কোনো ঋণ সুবিধা দেওয়ার আগে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে এই সিকিউরিটিজগুলোকে প্রথমে ‘লিয়েন’ হিসেবে চিহ্নিত করতে হবে।
লিয়েন হলো এমন একটি আইনি অধিকার, যার মাধ্যমে আর্থিক বাধ্যবাধকতা পূরণ না হলে পাওনাদাররা দেনাদারের সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি করতে পারেন।
লিয়েন করা বন্ডগুলো এখন যোগ্য জামানত হিসেবে স্বীকৃত হওয়ায় ব্যাংকগুলো ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ সুবিধা দিতে আগ্রহ প্রকাশ করার পর বাংলাদেশ ব্যাংক এই সর্বশেষ পদক্ষেপটি নিল।
এই নির্দেশনার আওতায়, ব্যাংকগুলো বন্ডের অভিহিত মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে এটিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে জমে থাকা সুদসহ কোনো অবস্থাতেই বকেয়া ঋণের পরিমাণ বন্ডের অভিহিত মূল্যের চেয়ে বেশি না হয়।
এর পাশাপাশি, ঋণের মেয়াদ কোনোভাবেই জামানত হিসেবে রাখা বন্ডের মেয়াদের চেয়ে বেশি হওয়া যাবে না। সম্ভাব্য সম্পদ-দায়ের অমিল এবং পরিশোধের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি সিকিউরিটিজে লিভারেজড বিনিয়োগ রোধ করার লক্ষ্যে এই প্রজ্ঞাপনে টি-বন্ড কেনার উদ্দেশ্যে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনটির মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে (এফই) বলেন, “সরকারি অনুমোদিত সিকিউরিটিজের চাহিদা বাড়াতেই আমরা টি-বন্ডের বিপরীতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার অনুমতি দিয়েছি।”দেশের খবর
তবে, জ্যেষ্ঠ ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের এই সর্বশেষ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন যে এটি দেশের বন্ড বাজারে গতিশীলতা আনতে সাহায্য করবে।
দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন ট্রেজারি কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, “এটি একটি বাজারবান্ধব সিদ্ধান্ত যা বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সিকিউরিটিজে তাদের তহবিল বিনিয়োগ করতে আকৃষ্ট করতে সাহায্য করবে।”
ট্রেজারি কর্মকর্তা ব্যাখ্যা করে বলেন, টি-বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার অনুমতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট প্রতিষ্ঠান এবং বিপুল সম্পদের অধিকারী ব্যক্তিদের দীর্ঘ সময়ের জন্য সরকারি সিকিউরিটিজ ধরে রাখতে উৎসাহিত করতে পারে। কারণ প্রয়োজন হলে তাদের কাছে এখনও তারল্য বা নগদ অর্থের সুবিধা পাওয়ার বিকল্প থাকবে।
বর্তমানে বাজারে দুই, পাঁচ, ১০, ১৫ এবং ২০ বছর মেয়াদের পাঁচটি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড লেনদেন হয়ে থাকে।
বিটি/আরকে
Tags: ঋণ, ট্রেজারি বন্ড, বাংলাদেশ ব্যাংক