রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষার পাশের হার আশঙ্কাজনকভাবে কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমে এসেছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানান, ২০২০ সালের অটোপাশের পর এটিই এই বোর্ডের সর্বনিম্ন পাশের হার। বিগত কয়েক বছরের ফলাফলের ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২১ সালে ৯৭.২৯ শতাংশ, ২০২২ সালে ৮১.৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮.৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১.২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯.৪০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।
বিভাগের আট জেলার মোট ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের পাশের হার ৩৭.৭১ শতাংশ এবং মেয়েদের ৫৩.০৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে আছে; মোট ৪ হাজার ৫২০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৫৫ জন মেয়ে এবং ১ হাজার ৯৬৫ জন ছেলে। পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের দায়ে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল বলেও জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।
শিক্ষকদের মূল্যায়নের বিষয়ে অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেভাবে লিখেছে, ঠিক সেভাবেই তাদের নম্বর প্রদান করা হয়েছে; কোনো ধরনের বাড়তি নম্বর দেওয়া হয়নি। এমন কঠোর মূল্যায়নই সামগ্রিক ফলাফলে প্রতিফলিত হয়েছে। এছাড়া বিভাগের আট জেলায় এবার মাত্র ৯টি কলেজ শতভাগ পাশের গৌরব অর্জন করতে পেরেছে, অথচ ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। আর ৩৯টি কলেজের কেউ পাশই করেনি।
Tags: এইচএসসি পরীক্ষা, এইচএসসির ফলাফল, রাজশাহী শিক্ষা বোর্ড, শিক্ষা সংবাদ