প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলামভিত্তিক ‘লার্নিং টয়’ বা শিক্ষণীয় খেলনা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আয়োজিত ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ এ তথ্য জানান। শ্রেণিকক্ষে খেলাধুলার মাধ্যমে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের সুযোগ তৈরি এবং শিশুদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সরকার এই উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষে খেলতে খেলতে পড়াশোনা করতে পারে, সে ধরনের পরিবেশ তৈরিতে সরকার নিরলস কাজ করছে। এ লক্ষ্যে শ্রেণিকক্ষগুলোতে খেলার উপযোগী জায়গা রাখার পাশাপাশি পাঠ্যবইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন শিক্ষণীয় খেলনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব খেলনার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের আরও সহজ ও আনন্দময় উপায়ে পাঠদান করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি বিবেচনায় খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট ও ব্যাডমিন্টনের মতো ক্রীড়া কার্যক্রমে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গান, কবিতা, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতেই গড়ে উঠবে। তোমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের সক্ষমতা যেন থাকে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অন্যদের হতাশ না হয়ে মনোযোগ দিয়ে প্রস্তুতির আহ্বান জানান। অনুষ্ঠানে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের সভাপতিত্বে মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
Tags: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা, ববি হাজ্জাজ, মেধা ও সৃজন উৎসব, লার্নিং টয়