জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, শিক্ষাব্যবস্থায় ধস এবং সরকারি নানা নীতির প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাজধানী প্যারিসসহ বড় কয়েকটি শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন দেশজুড়ে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিশৃঙ্খলার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন কর্মকর্তা আহত হয়েছেন।
বিক্ষোভের অধিকাংশ সময় পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও দিনশেষে প্যারিসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়, লিওঁ ও তুলুজে ছোড়া হয় কাঁদানে গ্যাস। মার্সেই শহরেও বিকেলের দিকে উত্তেজনা সৃষ্টি হলেও রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে গত ১৭ অক্টোবর দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর থেকেই দেশটিতে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ চলছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, আগের তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কম ছিল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সংঘর্ষ মোকাবিলার জন্য পুলিশের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছিলেন এবং কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছিলেন।
বিক্ষোভের পেছনে অর্থনৈতিক সংকটকে প্রধান কারণ হিসেবে দেখছেন প্যারিসের আন্দোলনকারী জেরোম রদ্রিগেজ। তার ভাষ্যমতে, সাধারণ পরিবারগুলো সরকারি নীতির কারণে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। শিক্ষাব্যবস্থার অবনতি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং উচ্চশিক্ষায় ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের সঙ্গে এবার যোগ দিয়েছেন শ্রমিকরা এবং সক্রিয় হয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। বিশেষ করে হ্যালোইন উৎসবের দিনে এই বিক্ষোভ সরকারবিরোধী জনরোষকে আরও উসকে দিয়েছে।
প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রশাসনের জন্য এই অস্থিরতা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারি ঋণ জিডিপির প্রায় ১২০ শতাংশে পৌঁছেছে এবং ঋণ নেওয়ার খরচও ক্রমাগত বাড়ছে। গত শুক্রবার ফিচ রেটিং ফ্রান্সের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ হিসেবে চিহ্নিত করায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সরকারি ব্যয় সংকোচনের প্রবল চাপের মুখে রয়েছে মাখোঁ সরকার। এদিকে ফ্রান্সের এই অস্থিরতার প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্য দেশগুলোতেও। শনিবার জার্মানির বিভিন্ন শহর ও ইতালিতে বিক্ষোভ হয়েছে। বিশেষ করে জার্মানির ফ্রাঙ্কফুর্টে মুখোশধারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দোকানপাট লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
Tags: ইয়েলো ভেস্ট, এমানুয়েল মাখোঁ, প্যারিস, ফ্রান্স, বিক্ষোভ, সংঘর্ষ