ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদনে দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা বলা হয়েছে এবং কর্তৃপক্ষ সত্যতা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও সেখানে দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন এবং এর আগে আকাশে বিমানের শব্দ পাওয়ার কথা জানান।
এদিকে যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে প্রচারিত খবর মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়। শনিবার দেওয়া বিবৃতিতে জানানো হয়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে দুপক্ষ এখনো চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে এবং ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতা অব্যাহত রয়েছে।
কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর আইআরআইবি জানায়, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর আগে শুক্রবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংস করার খবর প্রকাশ করা হয়েছিল।
Tags: ইরান, কেশম দ্বীপ, ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালি