নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার সন্তান ছিলেন।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই নিঝুমের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর বন্ধু ফারহান গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্যদিকে, আহত ফারহানকে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিঝুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে তাঁর উচ্চশিক্ষার জন্য জাপান যাওয়ার কথা ছিল এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে তিনি জাপানি ভাষা শিখছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Tags: তৃতীয় শীতলক্ষ্যা সেতু, নারায়ণগঞ্জ, শিক্ষার্থী, সড়ক দুর্ঘটনা