ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশটির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতাধীন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন শত্রুর’ বিমান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করেছে তেহরান। তবে ইরান এই ড্রোন ভূপাতিত করার দাবি জানালেও, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপটি ইরানের হরমোজগান প্রদেশে অবস্থিত। এটি হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথের কাছে থাকায় ভৌগোলিক গুরুত্ব বহন করে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী এই জলসীমায় অতীতেও মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান। যদিও জুন মাসে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, তবুও সংঘাতের স্থায়ী অবসান এখনো ঘটেনি।
Tags: ইরান, কেশম দ্বীপ, ড্রোন, যুক্তরাষ্ট্র, সামরিক উত্তেজনা