ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে রোববার (৮ নভেম্বর) একটি ড্রোন হামলা চালানো হয়েছে। সুলাইমানিয়া প্রদেশের এই গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে ড্রোনের আঘাতে আগুন ধরে যায়। হামলার পর তাৎক্ষণিকভাবে সেখানকার উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে যে, নিরাপত্তার খাতিরে গ্যাসক্ষেত্রের কর্মীদের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, হামলার পরপরই গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, এই হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই হামলার জেরে অঞ্চলটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত জুলাই মাসে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস তাদের মূল স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে আবার উৎপাদন শুরু হয়।
Tags: ইরাক, খোর মোর, গ্যাসক্ষেত্র, ড্রোন হামলা, বিদ্যুৎ সংকট