কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দেশীয় ধারালো অস্ত্রসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বসতঘরের ভেতর তল্লাশি চালিয়ে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল ও দুটি খালি ম্যাগাজিন পাওয়া যায়। উদ্ধার হওয়া চার রাউন্ড গুলির মধ্যে তিন রাউন্ড পিস্তলের এবং এক রাউন্ড একনলা বন্দুকের। এছাড়া জব্দ করা অস্ত্রের তালিকায় রয়েছে একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড।
অস্ত্র ছাড়াও ঘটনাস্থল থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার, এক জোড়া পুরনো কালো বুট এবং বিভিন্ন পরিচয়পত্রের অনুলিপি পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি কপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড এবং একটি বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার রোববার (৯ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও আলামতগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এই অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে সেনাবাহিনী ও এপিবিএনের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tags: অস্ত্র উদ্ধার, এপিবিএন, টেকনাফ, বাংলাদেশ সেনাবাহিনী, যৌথ অভিযান, রোহিঙ্গা ক্যাম্প