তুরস্কের অবসরপ্রাপ্ত ইমাম আবদুল্লাহ ওজকান ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পরনে ছিল ইহরামের সাদা পোশাক, আর সঙ্গী হিসেবে সঙ্গে ছিল প্রায় ১৮০ জন ওমরাহযাত্রী। পবিত্র সফরের শুরুতেই কোনিয়া বিমানবন্দরে যাত্রীদের নিয়ে দোয়া-দরুদ পাঠের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান ৬৮ বছর বয়সী এই ইমাম। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে তুরস্কের কোনিয়া বিমানবন্দরে। বেইশেহির জেলার বাসিন্দা আবদুল্লাহ ওজকান দীর্ঘ সময় ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অবসরের পর একটি হজ ও ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানের বেইশেহির শাখার দায়িত্বে ছিলেন। ৬ নভেম্বর রাত ২টার দিকে ওমরাহযাত্রীদের দলটি বিমানবন্দরে পৌঁছায়। যাত্রার যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সবাইকে এক জায়গায় জড়ো করার পর ওজকান তাদের পরিচয় করিয়ে দেন এবং সফরের প্রয়োজনীয় দিকনির্দেশনা শেষে দোয়া পরিচালনা করেন।
তার সঙ্গে দীর্ঘ ১৫ বছর কাজ করা সহকর্মী ইসমাইল গুমুশ জানান, ওজকান অত্যন্ত সুন্দরভাবে দোয়া পরিচালনা করছিলেন। কালেমা পাঠ এবং তালবিয়া শেষ করে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ শুরু করেন। গুমুশ আরও জানান, দরুদ পড়ার সময় হঠাৎ তার কণ্ঠস্বর দুর্বল হয়ে আসে এবং একপর্যায়ে তিনি সামনের দিকে ঝুঁকে মাটিতে পড়ে যান। ঘটনার আগে তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণই ছিল না বলে সহকর্মীরা জানিয়েছেন।
বিমানবন্দরের দায়িত্বরত চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রদান করেন। এরপর জরুরি সেবাকর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে সেলচুক বিশ্ববিদ্যালয় মেডিকেল ফ্যাকাল্টি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই ধর্মপ্রাণ মানুষটি। তুর্কি সংবাদমাধ্যমগুলোতে তার মৃত্যুর কারণ হিসেবে হৃদ্রোগের আশঙ্কার কথা উল্লেখ করা হলেও আনুষ্ঠানিকভাবে চিকিৎসাগত কোনো নিশ্চিত কারণ এখনো জানা যায়নি।
বেইশেহিরের মুফতি এনেস আকতাস ওজকানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ওজকানকে এলাকার সমাজ ও মানুষের সেবায় আজীবন নিবেদিত একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন। শুক্রবার জুমার নামাজের পর বেইশেহিরের কেন্দ্রীয় চারশি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী এবং স্থানীয় অসংখ্য মানুষ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
দীর্ঘদিনের ইমামতির জীবন শেষে ওমরাহ পালনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন ওজকান। কিন্তু মক্কায় পৌঁছানোর আগেই তার ইহরাম পরা অবস্থায় মৃত্যুর ঘটনাটি তুরস্কের বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি করেছে। সোৎজু, কোনিয়া হাবার ও গালফ নিউজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার এই আকস্মিক প্রয়াণের খবরটি তুরস্ক জুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
Tags: ইমাম, ইহরাম, ওমরাহ, তুরস্ক, মৃত্যু