কাতারে আনুষ্ঠানিক সরকারি সফরে এসেছেন ব্রুনাই দারুস সালামের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান মন্ত্রী হিজ রয়্যাল হাইনেস প্রিন্স আল-মুহতাদী বিল্লাহ। আজ সকালে দোহায় পৌঁছালে কাতারের আমীর হিজ হাইনেস শেখ তামিম বিন হামাদ আল-থানী তাকে আমীরি দিওয়ানে উষ্ণ অভ্যর্থনা জানান। আমীরি দিওয়ানের শেখ আবদুল্লাহ বিন জাসিম মজলিসে দুই দেশের এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্স সুলতান হাসান বলকিয়াহর পক্ষ থেকে কাতারের আমীরের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং কাতারবাসীর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এর জবাবে কাতারের আমীরও ব্রুনাইয়ের সুলতানের সুস্বাস্থ্য এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত কল্যাণ ও অগ্রগতি প্রত্যাশা করেন।
দুই নেতা কাতার ও ব্রুনাইয়ের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে অংশীদারিত্বের ক্ষেত্রগুলো আরও সুদৃঢ় ও বিস্তৃত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে কাতারের পক্ষে উপস্থিত ছিলেন উপ-আমীর হিজ হাইনেস শেখ আবদুল্লাহ বিন হামাদ আল-থানী, আমীরি দিওয়ানের চেয়ারম্যান হিজ এক্সিলেন্সি আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি এবং বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। অন্যদিকে, ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের সাথে আসা সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
Tags: কাতার, দ্বিপক্ষীয় বৈঠক, প্রিন্স আল-মুহতাদী বিল্লাহ, ব্রুনাই, শেখ তামিম বিন হামাদ আল-থানী