বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড আন্ডারপাস এলাকায় একদল ব্যক্তি জড়ো হয়ে পিকেটিং শুরু করে। এক পর্যায়ে মহাসড়কের ওপর থাকা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে পৌঁছানোর পর কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং মহাসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
Tags: অগ্নিসংযোগ, জয় বাংলা, বগুড়া, মহাসড়ক, শেরপুর