রপ্তানিমুখী পণ্য তৈরির জন্য শুল্কমুক্ত বন্ড সুবিধার আওতায় কাঁচামাল আমদানি করে তা কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ছয়টি বস্ত্রকলের বিরুদ্ধে। এতে প্রায় ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার প্রাথমিক তথ্য বের করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলার ওই ছয়টি বন্ডেড টেক্সটাইল মিলসে একযোগে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস গোয়েন্দার একাধিক প্রিভেন্টিভ টিম এই অভিযানে অংশ নেয় এবং সার্বিক সহায়তা প্রদান করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজারের ছয়টি বন্ডেড বস্ত্রকলে একযোগে অভিযান চালানো হয়।
পরিদর্শনের সময় গোয়েন্দা কর্মকর্তারা কারখানাগুলোর গুদামে গিয়ে মজুত থাকা সুতা, কাঁচামাল, রংসহ অন্যান্য রাসায়নিক হিসাব করে দেখেন। সংগৃহীত সেই তথ্য পরে কারখানার নিজস্ব মজুত রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের সঙ্গে মেলানো হলে বিশাল ব্যবধান বা গরমিল প্রকাশ পায়। কিছু কারখানায় নথির তুলনায় কাঁচামাল অত্যন্ত কম এবং কিছু প্রতিষ্ঠানে ঘোষিত পরিমাণের চেয়ে অতিরিক্ত মজুত পাওয়া যায়। চূড়ান্তভাবে এনবিআরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে সংগৃহীত আমদানির নথি বিশ্লেষণ করে মোট ফাঁকির পরিমাণ হিসাব করা হয়। কয়েকটি কারখানায় যত সুতা ও কাপড় থাকার কথা, তার চেয়ে অনেক কম পাওয়া গেছে। চূড়ান্ত তদন্তে ফাঁকির পরিমাণ বদলাতে পারে।
তদন্ত সংস্থার হিসাব অনুযায়ী, ফাঁকির পরিমাণের দিক থেকে শীর্ষে রয়েছে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি একাই প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে, যা উদঘাটিত মোট ফাঁকির প্রায় এক-তৃতীয়াংশ। দ্বিতীয় সর্বোচ্চ ফাঁকি ধরা পড়েছে বন্দরের জাহিন নিটওয়্যারস লিমিটেডে, যার পরিমাণ প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেড প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার শুল্ক-কর ফাঁকি দিয়েছে। এই তিন প্রতিষ্ঠানের সম্মিলিত ফাঁকির পরিমাণই মোট অনুসন্ধানে পাওয়া রাজস্ব ফাঁকির প্রায় ৮০ শতাংশের মতো।
অন্য তিনটি প্রতিষ্ঠানের মধ্যে আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা এবং রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকার অনিয়ম পাওয়া গেছে। কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রাথমিক হিসাব। কারখানাগুলো থেকে উদ্ধার করা আমদানি, উৎপাদন ও ব্যবহারের নথিপত্র বর্তমানে গভীরভাবে পরীক্ষা করা হচ্ছে এবং চূড়ান্ত তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রপ্তানিমুখী খাতকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে বন্ড সুবিধায় শূন্য শুল্কে কাঁচামাল আনার সুযোগ দেয় সরকার, যার মূল শর্ত তৈরি পণ্য বিদেশে রপ্তানি করা। এনবিআরের তথ্য অনুযায়ী, সুতা আমদানিতে সাধারণ শুল্ক-করের হার ৩৩.৬৩ থেকে ৩৯.৭৫ শতাংশ। ফলে এই কাঁচামাল খোলাবাজারে বিক্রি হলে সরকার প্রতি ১০০ টাকায় প্রায় ৩৪ থেকে ৪০ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি এ ধরণের অসদুপায়ের কারণে নিয়ম মেনে শুল্ক দিয়ে ব্যবসা করা সাধারণ ব্যবসায়ীরা মারাত্মক অসম প্রতিযোগিতার সম্মুখীন হন। কাস্টমস গোয়েন্দারা আশা করছেন, কড়া নজরদারি বাড়লে শুল্ক দিয়ে সুতা আমদানি বাড়বে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। বন্ড সুবিধায় আনা সুতা খোলাবাজারে চলে যাওয়া নিয়ে বস্ত্রকল ও পোশাকশিল্পের মালিকদের মধ্যে কয়েক মাস ধরে বিতর্ক চলছে। দেশীয় বস্ত্রকলমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) দীর্ঘদিন ধরে বলে আসছে, বন্ডের সুতা খোলাবাজারে বিক্রি হওয়ায় দেশি সুতার বিক্রি কমেছে। বন্ডের পণ্য কীভাবে খালাস ও পরিবহন হয়েছে, সেটিও বের হয়ে আসবে।
সম্প্রতি বন্ড সুবিধার অপব্যবহার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে গত মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইউএজিএম বিডি লিমিটেড নামের একটি কারখানায় ৮৫ কোটি ২১ লাখ টাকার ফাঁকি উদঘাটন করেছিল সংস্থাটি। এছাড়া নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বন্ড সুবিধায় আনা ৮০ কাউন্টের সুতা জব্দ করা হয়। বিটিএমএর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা স্থগিত করেছিল এনবিআর। তবে পোশাক প্রস্তুতকারকদের আবেদনের প্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর সেই সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে তা করতে গিয়ে পোশাকশিল্পকে চাপে ফেলা ঠিক হবে না।
এ বিষয়ে দেশের টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল গত মাসে মন্তব্য করেন, জব্দ করা সুতার চোরাই চালানের বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধান হলে মূল আমদানিকারক, সরবরাহকারী ও পরিবহন চক্রকে চিহ্নিত করা সম্ভব হবে। অন্যদিকে নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, স্থানীয় স্পিনিং মিলগুলোর সুরক্ষার প্রয়োজন থাকলেও তা যেন রপ্তানিমুখী পোশাক খাতের ওপর বাড়তি চাপ তৈরি না করে। অভিযুক্ত ছয় বস্ত্রকল কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
Tags: এনবিআর, কাস্টমস গোয়েন্দা, নারায়ণগঞ্জ, বন্ড সুবিধা, বস্ত্রকল, রাজস্ব ফাঁকি