বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন। এরপর কর্তৃপক্ষ কারখানা ছুটির ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ তৈরি করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়। এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের কঠোর অবস্থানে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ মৌচাক ও আশেপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
Tags: কালিয়াকৈর, গাজীপুর, পোশাকশ্রমিক, মহাসড়ক অবরোধ, মৌচাক