হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে গভীর রাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরটিতে ‘শত্রুপক্ষের’ পক্ষ থেকে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গভীর রাতে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। হামলার সুনির্দিষ্ট ধরন, লক্ষ্যবস্তু কিংবা দায়দায়িত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া সরকারি সূত্রগুলো ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক বন্দরটি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত। এই এলাকাটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম শুরু থেকেই হরমোজগান প্রদেশের এই অঞ্চলে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়ার খবর নিশ্চিত করেছিল। শুরুতে বিস্ফোরণের কারণ অজানা থাকলেও কিছু সূত্রের ধারণা, সামুদ্রিক আইন অমান্যকারী জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ হতে পারে।
ইরানি কর্মকর্তারা প্রায়ই তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার প্রেক্ষিতে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। এই হামলার খবর প্রকাশ হওয়ার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
বার্তা সংস্থা আনাদোলু এবং ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ঘটনাটি অত্যন্ত সাম্প্রতিক। তবে সামরিক ধরনের এই হামলায় কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারি সূত্রে তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কি না, তা নিয়েও কোনো আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি। অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে।
Tags: ইরান, জ্বালানি তেল, বিস্ফোরণ, সিরিক, হরমুজ প্রণালি