ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। একই সঙ্গে বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো ইসরাইলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে জিসিসি মহাসচিব উল্লেখ করেন, চিকিৎসাকেন্দ্রে এই ধরনের আগ্রাসনের মাধ্যমে সেখানে অবস্থানরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ রোগীদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলা হয়েছে, যা ফিলিস্তিনি জনগোষ্ঠীর মানবিক দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। তিনি জোর দিয়ে বলেন, এসব আইন লঙ্ঘনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের অর্পিত দায়িত্ব পালনের জোর দাবি জানান আল-বুদাইউই। চলমান হামলা বন্ধ, সাধারণ নাগরিকদের নিরাপত্তা প্রদান, অবরুদ্ধ গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা ও জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
Tags: ইসরাইল, গাজা, জাতিসংঘ, জাসেম মোহাম্মদ আল-বুদাইউই, জিসিসি, নাসের মেডিকেল কমপ্লেক্স