ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। পাকিস্তানের কাছে ১-০ গোলের হারে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো স্বাগতিকদের। এই পরাজয়ের পর দলের সামগ্রিক পারফরম্যান্স, গোলরক্ষক শ্রাবণের ভুল এবং কোচ থমাস ডুলির রণকৌশল নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে বাংলাদেশ কোচ কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে দায়ী করতে নারাজ। বরং ঘরের মাঠের বিপুল দর্শকের প্রত্যাশার চাপ, খেলোয়াড়দের অনভিজ্ঞতা ও শারীরিক ক্লান্তিকেই তিনি ব্যর্থতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পাকিস্তানের চাপ সামলাতে গিয়ে বারবার বল হারিয়েছে দল।
ম্যাচের ৮৬তম মিনিটে গোলরক্ষক শ্রাবণের একটি ভুলে গোল হজম করে বাংলাদেশ। এ নিয়ে প্রশ্ন করা হলে ডুলি বলেন, ‘আমি এখনো শ্রাবণের সঙ্গে কথা বলিনি। মনে রাখতে হবে, খেলোয়াড়রা রোবট নন; তাদের ওপরও প্রচণ্ড চাপ থাকে। ঘরের মাঠে দর্শকদের সামনে জয়ের যে প্রত্যাশা, তা অনেক সময় খেলোয়াড়দের স্নায়ুচাপে ফেলে দেয়। গোলরক্ষক দলের শেষ প্রহরী, তাই বড় মঞ্চে ভুল করলে তার মাশুল দিতেই হয়। একজনের ওপর দায় চাপানো তাই কঠিন।’
পুরো ম্যাচে বাংলাদেশ নিজেদের ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। ডুলি অকপটে স্বীকার করেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। অনেক পাস ভুল হয়েছে। প্রতিপক্ষ আমাদের শরীরী ভাষা দেখে বুঝতে পেরেছিল আমরা কী করতে চাই, ফলে তারা দ্রুত বল কেড়ে নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।’ তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের অনেক খেলোয়াড়ের পেশিতে টান লেগেছিল, যা প্রস্তুতির ঘাটতি ও শারীরিক ক্লান্তির প্রমাণ। কোচের দাবি, পাকিস্তান দল বাংলাদেশের চেয়ে পাঁচ দিন বেশি বিশ্রাম পাওয়ার সুবিধা পেয়েছে এবং তারা শারীরিক সক্ষমতায় কিছুটা এগিয়ে ছিল। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না।
ম্যাচের শেষ দিকে গোল খাওয়ার পর খেলোয়াড়দের স্থবির হয়ে পড়ার বিষয়ে ডুলি বলেন, ‘দেশের মানুষের জন্য ভালো করার তাড়না ছিল সবার। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ৮৬ মিনিটে গোল হজম করাটা তরুণদের জন্য বড় ধাক্কা, যা সামলে ওঠা সহজ নয়।’ ডুলির মতে, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে বেশ শক্তিশালী দল। তাদের ফুটবল বোঝার দক্ষতা, বল রিসিভ করা এবং পাসিংয়ে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। তবে রেফারির সিদ্ধান্তের সমালোচনা না করলেও, তিনি উভয় দলের ক্ষেত্রে ফাউলের সিদ্ধান্তগুলো সমানভাবে দেখার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের জন্য, সমর্থকদের জন্য জিততে চান, সাফের ফাইনালে ওঠার এত বড় সুযোগ সামনে থাকে—ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করা বড় ধাক্কা। পাকিস্তান তুলনামূলক ভালো দল হওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়েছে।
বাংলাদেশি ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নতির বিষয়ে কোচ মনে করেন, এটি রাতারাতি সম্ভব নয়। তিনি বলেন, ‘দলে অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের শিখতে হবে। ফুটবলের উন্নতির পাশাপাশি খেলোয়াড়দের চিন্তাভাবনারও বিকাশ প্রয়োজন।’ এছাড়া দেশে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগের অভাবকেও তিনি ব্যর্থতার একটি কারণ হিসেবে দেখেন। সংবাদ সম্মেলনের শেষ দিকে ডুলি জানান, হারের পর ড্রেসিংরুমে খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছেন, অনেকে মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন। এখন তাঁর লক্ষ্য নতুন খেলোয়াড়দের যুক্ত করে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। শুধু খেলার উন্নতি হলেই হবে না, খেলোয়াড়দের চিন্তাভাবনারও উন্নতি হতে হবে।’। গত চার মাসে দলগুলো কতবার অনুশীলন করেছে, কতটি ম্যাচ খেলেছে—সেসব প্রশ্নও সামনে আনেন তিনি।
Tags: থমাস ডুলি, পাকিস্তান, ফুটবল, বাংলাদেশ ফুটবল, সাফ চ্যাম্পিয়নশিপ