রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১১ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে আনা হয়। সকালে ১০ জনকে আনা হলেও মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দুপুরে ১২টা ১ মিনিটে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার আসামিপক্ষের শুনানির দিন আজ ধার্য ছিল।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন এই মানবতাবিরোধী অপরাধের মামলায়। আদালতে হাজির করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় দেখা যায়, দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য সব আসামিকে পেছনে হাতকড়া পরানো ছিল। তাদের নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। আদালতের বারান্দায় আসামিদের মধ্যে ইনু ও লতিফ সিদ্দিকীকে বেশ গম্ভীর দেখালেও শামসুল হক টুকুর মুখে স্বাভাবিক হাসি ছিল। গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানালে ট্রাইব্যুনাল আজ শুনানির দিন নির্ধারণ করেন। প্রসিকিউশনের আনা দুটি অভিযোগের মধ্যে রয়েছে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।
Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গণহত্যা, জিয়াউল আহসান, শাপলা চত্বর, হাসানুল হক ইনু