ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জেরে প্রতিশোধমূলক ব্যাপক আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ নভেম্বর) চালানো এই অভিযানে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ সরবরাহ অবকাঠামো এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একে রাশিয়ার অন্যতম বড় সমন্বিত আক্রমণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সেতুর ঘটনার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এই অভিযান শুরু হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে নিপ্রো নদীর ওপর অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ কৌশলগত সেতু লক্ষ্য করে সিরিজ হামলা চালানো হয়। প্রতিটি বিস্ফোরণের তীব্রতায় রাজধানী কেঁপে উঠলে নিরাপত্তার প্রয়োজনে সাধারণ মানুষ মেট্রোরেল স্টেশনগুলোতে আশ্রয় নেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এ অভিযানে ৪০০টিরও বেশি ড্রোন এবং ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২০ থেকে ৩০ মিনিটের বিরতিতে একের পর এক ঢেউয়ের মতো আছড়ে পড়ে। ইউক্রেনজুড়ে জ্বালানি, রেল যোগাযোগ এবং অন্যান্য সরবরাহব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই হামলাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, সামরিক ও কূটনৈতিক ব্যর্থতা ঢাকতেই রাশিয়া সন্ত্রাস এবং বেসামরিক মানুষের জীবনের ওপর এমন পরিকল্পিত ও প্রদর্শনমূলক হামলা চালিয়েছে। চলতি বছরে বড় কোনো ভূখণ্ডগত পরিবর্তন না ঘটলেও, দুই দেশই বর্তমানে আকাশপথে নিজেদের আক্রমণ জোরদার করেছে। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরীণ তেল শোধনাগারগুলোকে লক্ষ্য বানাচ্ছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Tags: ইউক্রেন, ভলোদিমির জেলেনস্কি, যুদ্ধ, রাশিয়া, হামলা