বাংলাদেশের গোপালগঞ্জে সাম্প্রতিক দিনগুলোর ঘটনাপ্রবাহ নতুন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রকাশ্য সশস্ত্র মিছিল, রাস্তায় অবরোধ, সরকারি সম্পত্তিতে ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় কার্যত অশান্ত হয়ে উঠেছে শেখ মুজিবুর রহমানের পিতৃভূমি।
গত ১৫ নভেম্বর থেকে এই উত্তেজনা শুরু হয় এবং ১৭ নভেম্বর রাতে তা আরও ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে পুলিশের একাধিক গাড়ি এবং সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এই সহিংসতার পর বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছে, একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন কীভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করে আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ জানানোর সাহস পাচ্ছে? এর পাশাপাশি ভারতের সংবাদমাধ্যমের ভূমিকা, সংবাদ পরিবেশনের ভাষা, শিরোনাম এবং রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো গোপালগঞ্জের ঘটনা সম্পূর্ণ এড়িয়ে যায়নি।
ইন্ডিয়া টুডে ও দ্য ট্রিবিউনসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এসব ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে তাদের শিরোনাম ও উপস্থাপনার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্ডিয়া টুডে ‘হাসিনার দল ফের রাজপথে, শক্তি প্রদর্শনের বড় পরীক্ষায় বাংলাদেশে হরতালের ডাক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যেখানে নিষিদ্ধ দলের রাজপথে নামাকে শক্তি পরীক্ষার সঙ্গে যুক্ত করা হয়। ওই প্রতিবেদনে সশস্ত্র মিছিল, পুলিশ স্টেশনে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের উল্লেখ থাকলেও শিরোনামে দলটির শক্তি প্রদর্শন ও রাজনৈতিক প্রত্যাবর্তনকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
গত ১৬ নভেম্বর ইন্ডিয়া টুডের আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল—‘ম্যাচেস আউট, অ্যারসন ফায়ারস বার্ন ইন শেখ হাসিনা’স টার্ফ গোপালগঞ্জ অ্যাহেড অব হার রিটার্ন’। এই প্রতিবেদনে অস্ত্র নিয়ে মিছিল, অগ্নিসংযোগ, পুলিশ প্রশাসনের রদবদল এবং বিজিবি মোতায়েনের তথ্য তুলে ধরা হয়। সহিংসতার তথ্য একেবারে অনুপস্থিত না থাকলেও সেগুলোকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও ক্ষমতার লড়াইয়ের বৃহত্তর প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে।
বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি পুলিশ স্টেশনে আক্রমণ করে, রাষ্ট্রীয় বাহিনীর গাড়িতে আগুন ধরায়, দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর করে, তবে তাকে কেবল রাজনৈতিক শক্তি প্রদর্শন হিসেবে ব্যাখ্যা করা কতটা যুক্তিসঙ্গত—সেটি নিয়ে সাংবাদিকতার নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে।
গোপালগঞ্জে থানায় আগুন, পুলিশের গাড়ি পোড়ানো, বিজিবির গাড়িতে হামলা এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের মতো অপরাধকে কেবল রাজনৈতিক কৌশল বা শক্তি প্রদর্শন হিসেবে তুলে ধরা হলে সংবাদের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধকে অপরাধ হিসেবে তুলে ধরাই সাংবাদিকতার মূলনীতি। ভারতীয় গণমাধ্যমের একাংশের এমন নরম অবস্থান নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
Tags: আওয়ামী লীগ, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ভারতীয় গণমাধ্যম, সহিংসতা