নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় গ্যাস জমে থাকা অবস্থায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আসলাম মিয়ার মালিকানাধীন ওই ভবনের একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। এতে শাহিন (৪০), তার স্ত্রী লিমা (৩২) ও তাদের এক আত্মীয় পারভীন (৩০) গুরুতর দগ্ধ হয়েছেন।
স্থানীয় বাসিন্দা জসিম মিয়া জানান, দুর্ঘটনার সময় ফ্ল্যাটের সব দরজা-জানালা বন্ধ ছিল। সকালে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে আগে থেকেই গ্যাস জমে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ অথবা গ্যাসের চাবি চালু থাকায় সারা ঘরে গ্যাস জমে ছিল। ”।
ঘটনার পরপরই দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, “প্রাথমিকভাবে কেউ আমাদের এই ঘটনা অবগত করেনি। আমরা জানতে পেরে পুলিশ পাঠিয়েছি।
Tags: অগ্নিকাণ্ড, গ্যাস বিস্ফোরণ, দুর্ঘটনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা