শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং রিফাত সরদার (২৫)। তাদের দুজনের বাড়ি খুলনার শিরোমণি এলাকায়। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ এস এম মুনকাসির মাহমুদ জানান, বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন এবং বাসের চাকায় পিষ্ট হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tags: গোপালগঞ্জ, দুর্ঘটনা, নিহত, মহাসড়ক, সড়ক দুর্ঘটনা