যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা এবং থায়ের মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রোচেস মনে করছেন, ইরানে আবারো পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের ব্যাপার। আল জাজিরাকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। ডেস রোচেসের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধের কারণে ইরান বর্তমানে কার্যত কোণঠাসা অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তেহরান শেষ পর্যন্ত পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।
ডেস রোচেস উল্লেখ করেন, ইরানের হামলায় নিরপেক্ষ দেশগুলোর বেসামরিক জাহাজ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।
এর জবাবে যুক্তরাষ্ট্র দেশটির উপকূলীয় রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, এরপরও ইরানের হাতে ইসরাইল, মার্কিন সামরিক ঘাঁটি কিংবা কাতারের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা অটুট রয়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিকে আর বাড়তে না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান তিনি।
এই সংঘাতের ক্ষেত্রে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা হলো ইসরাইল। ইসরাইলি সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনো স্পষ্ট নয়। তবে ইসরাইলে ব্যাপকভাবে এমন একটি ধারণা বদ্ধমূল যে, দেশটির সরকার ইরানের বর্তমান শাসনব্যবস্থার অবসান ঘটানোর প্রশ্নে আগের চেয়ে আরও কঠোর ও আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করতে পারে। সবশেষে ডেস রোচেস স্পষ্ট করে বলেন, যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, যেকোনো এক পক্ষ শেষ পর্যন্ত আবারো সরাসরি সংঘাতে জড়াবেই।
Tags: ইরান, ডেভিড ডেস রোচেস, মধ্যপ্রাচ্য সংকট, যুক্তরাষ্ট্র, যুদ্ধ