মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) গত শুক্রবার নোভাভ্যাক্সের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে, সংস্থাটি ভ্যাকসিনটি কারা গ্রহণ করতে পারবে, সে বিষয়ে নতুন কিছু শর্ত আরোপ করেছে।
অনুমোদনপত্রে বলা হয়েছে, নুভাক্সোভিড নামের এই ভ্যাকসিনটির লাইসেন্স শুধুমাত্র ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং ১২ থেকে ৬৪ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে যাদের অন্তত একটি অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা রয়েছে যা কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ায়।
তবে, চিঠিতে কোনো নির্দিষ্ট অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থার কথা উল্লেখ করা হয়নি।
এছাড়াও, এফডিএ জন্ম থেকে ১২ বছরের কম বয়সী শিশুদের ওপর করা ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য জমা দেওয়ার সময়সীমা পিছিয়ে দিয়েছে, কারণ সেই বিষয়ক গবেষণা এখনও সম্পন্ন হয়নি।
নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জন জ্যাকবস এই অনুমোদনকে “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে উল্লেখ করে বলেছেন, এর মাধ্যমে জনগণের জন্য ভ্যাকসিনটি পাওয়ার একটি সুস্পষ্ট পথ তৈরি হলো।
এর আগে, এফডিএ ১ এপ্রিলের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদন করতে না পারায় এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র সেই মাসের শুরুতে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যাকসিনের উপাদানের কারণে এই বিলম্ব হয়েছে বলে জানিয়েছিলেন।
প্রোটিন-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি উৎপাদন সংক্রান্ত সমস্যা এবং নিয়ন্ত্রক জটিলতার কারণে মডার্না ও ফাইজারের মতো এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোর মতো মহামারীকালে সুবিধা করতে পারেনি।
বিটি/ আরকে
Tags: এফডিএ, কোভিড ভ্যাকসিন, নোভাভ্যাক্স