রাজধানীতে এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মেট্রোরেল চলাচলের সময়। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। এতে করে সকালের ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু হবে এবং রাতের শেষ ট্রেন ছাড়বে আধা ঘণ্টা দেরিতে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি মেট্রোরেলের ট্রিপ সংখ্যাও বাড়ানো হবে। এতে এক ট্রেনের পর আরেক ট্রেনের সময়ের ব্যবধান কমে আসবে, যার ফলে যাত্রীদের অপেক্ষার সময়ও হ্রাস পাবে।
ডিএমটিসিএলের একাধিক সূত্র জানিয়েছে, চলাচলের সময় ও ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আগেই। সেই অনুযায়ী গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সময় বাড়িয়ে ট্রেন চালানো শুরু হয়। এরপর ১৪ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে এক ঘণ্টা সময় বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ধাপে ধাপে আমরা যাত্রীসেবা বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এজন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোববার থেকে নতুন সময়সূচি চালু করা হবে। ট্রিপ সংখ্যা বাড়ানোর আগে আরও কিছুদিন পর্যবেক্ষণ চলবে। আমরা আশা করছি, আগামী মাসের মাঝামাঝিতে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।”
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল ৭টা ১০ মিনিটে। নতুন সময়সূচিতে এটি হবে সকাল ৬টা ৪০ মিনিটে। আর শেষ ট্রেনটি ছাড়ে রাত ৯টায়, যা বাড়িয়ে রাত সাড়ে ৯টা করা হবে।
মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায়, যা নতুন সূচিতে সকাল ৭টায় হবে। শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। ফলে মতিঝিল থেকে ছাড়ার পর সর্বশেষ ট্রেন রাত ১১টার কাছাকাছি উত্তরায় পৌঁছাবে।
শুক্রবারের চলাচল সময়েও পরিবর্তন আসছে। আগে ট্রেন চলত বিকেল ৩টা থেকে, এখন থেকে শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং চলবে আধা ঘণ্টা বেশি সময়।
বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। ডিএমটিসিএলের আশা, বাড়তি সময় ও ট্রিপ চালু হলে এই সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে।
ট্রেন পরিচালনার জন্য এখন মোট ২৪ সেট ট্রেন রয়েছে, যার মধ্যে ১২ সেট বর্তমানে যাত্রী নিয়ে চলে। সময় ও ট্রিপ বাড়ানোর ফলে ১৯ সেট ট্রেন সার্বক্ষণিক চালানো হবে। বাকি ট্রেনগুলো ওয়ার্কশপে রাখা হয় পরীক্ষার জন্য। প্রতিদিন সকালেও যাত্রী চলাচলের আগে একটি ট্রেন দিয়ে রুট পরীক্ষাও চালানো হয়।
বিটি/ আরকে
Tags: মেট্রোরেল